১
ইউনাইটেড স্টেটস মিলিটারি একাডেমিতে যখন টি জে জ্যাকসন ঢুকেন, তখন তাকে পাত্তা দেয়ার মত লোক কমই ছিল। আরে, ব্যাটার গা দিয়া গন্ধ, ঘোর দক্ষিণের কোন এক চিপা থিকা আসছে, আপেল খাইতে খাইতে ঘুমায় যায়, একে পাত্তা দেয়া হবেই বা কেন?
ইউনাইটেড স্টেটস মিলিটারি একাডেমিকে সংক্ষেপে বলা হতো ওয়েস্ট পয়েন্ট। ওয়েস্ট পয়েন্টে সাধারণত ঢুকতেন সমকালীন মার্কিন অভিজাতরা। মধ্যবিত্তরাও ঢুকতেন না তা না, তবে জ্যাকসন ধরণের 'চাষার ছেলে' ঢুকতো কম।
এই জ্যাকসনই ওয়েস্ট পয়েন্টে চার বছর শেষে অন্য ক্যাডেটদের মত অনুযায়ী সবচেয়ে বেশি উন্নতি করলেন। জেনারেল লি-র মতে, আর যদি একটা বছর থাকতো, তাইলেই সে ক্লাসের সেরা হয়ে যেতো।
২
মার্কিন গৃহযুদ্ধ শুরু হওয়ার মূল কারণ নিয়ে পুঁথিগত ঐতিহাসিকরা নানা কথা বলেন, তবে দাসপ্রথা যে 'ঘরের মধ্যের হাতি' সেটা তখনকার শিশুরাও জানতো।
উত্তর আর দক্ষিণের মধ্যে তফাৎ ছিল বিশাল। উত্তরের জনসংখ্যা দুই কোটির উপরে, বেশিরভাগ শিল্প সেখানেই, অস্ত্র-শস্ত্র নৌবাহিনী ইত্যাদিও সব ওইখানে। আর এদিকে দক্ষিণ ভাইজানের লোকজন মাত্র ৯০ লাখ, এর মধ্যে ৪০ লাখই কালো দাস। দক্ষিণের সাদা ভদ্রলোকেরা কিছুতেই এদের যুদ্ধ করতে দিবে না - মান-সম্মানের একটা ব্যাপার আছে না! বরং এরা পালিয়ে গিয়ে উত্তরে যুদ্ধ করতো।