Monday, March 08, 2010

টাকা বাড়লে কি সুখ বাড়ে?



একদম সোজাসাপ্টাভাবে বলতে গেলে, 'না'।

তবে এখানে 'সুখ' এর সংজ্ঞা নিয়ে নানাধরণের আলোচনা আছে। তবে সুখ বলতে যদি 'সাবজেক্টিভ ওয়েল বিয়িং' বোঝানো হয় (যেটার সাথে আমি একমত), তাহলে 'না'।

তবে এ ব্যাপারে গবেষণার পদ্ধতি (মেথডোলজি) নিয়ে কিছু প্রশ্ন আছে। মানুষ সাধারণত 'সম্পূর্ণভাবে' নিজের জীবনকে খুব কমই পর্যালোচনা করে। মানুষ বরং এভাবে ভাবে: "চা-টা কি ভাল হইলো?", বা, "ধুর, এই মুভিটা ২ ঘন্টা দেইখা সময় পুরাই নষ্ট হইলো।"

লক্ষ্য করা গেছে, মানুষকে যখন 'সাবজেক্টিভ ওয়েল বিয়িং' সম্পর্কে জিজ্ঞেস করা হয়, আগের চলকের বা ঘটনার প্রভাব খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ, বসের থেকে ঝাড়ি খাওয়ার পরই যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে এ প্রশ্ন, "জীবন সুখী না" ধরনের উত্তর পাওয়ারই সম্ভাবনা বেশি। আবার ধরেন ভাল একটা ব্লগ পোস্টে পাঙ্খা সব মন্তব্য পাওয়ার পর যদি কেউ জরীপের প্রশ্ন করে, "জীবন সুখী তো বটেই" ধরণের উত্তর পাওয়ার সম্ভাবনা বেশি।

এ কারণে প্রশ্ন সাজানো গুরুত্বপূর্ণ, এবং জরীপ থেকে এই বায়াসগুলি বাদ দেয়ার চেষ্টা করাও। ড্যানিয়েল কাহনেম্যান সেই চেষ্টাই করেছেন; বিস্তারিত জানতে তার মেথডোলজি পড়তে পারেন (http://www.princeton.edu/~ceps/workingpapers/125krueger.pdf)।



গত চার দশকে জীবনযাত্রার মানোন্নয়নের সাথে তাল মিলিয়ে 'সুখ' বাড়েনি, এটি হল জীবনযাত্রার মানোন্নয়ন নিয়ে করা বিভিন্ন গবেষণার মেটা-ফলাফল।

আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা দেখা গেছে, সেটা হল, মানুষ নিজের 'সুখ'-এর সাথে প্রায়শই যে কোন একটি চলকের সম্পর্ক 'অতিরঞ্জিত' করে। এটা ঠিক ইচ্ছা করে যে করা তা-ও না, বরং বিভিন্ন জটিল মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়ার প্রভাব (তাছাড়া এখানে জরীপ পদ্ধতিরও হাত আছে)। এটাকে কাহনেম্যানরা বলেন ফোকাসিং ইলিউশন। ফোকাসিং ইলিউশন-এর প্রমাণ যুগ্ম এবং পৃথককৃত চলকের স্টাডিগুলিতে বারে বারেই পাওয়া গেছে।

মোদ্দা কথা, মানুষ আয় বা অর্থকে একক চলক হিসেবে অতিরঞ্জন করে।